মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে মায়েদের অবদান বেশি করে তুলে ধরার অনুরোধ জানালেন মোস্তাফা জব্বার

৬ নভেম্বর, ২০২৩ ০৯:৫৩  

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে বাংলার মায়েদের অবদান বেশি করে তুলে ধরার অনুরোধ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে সেগুলো বিশ্বময় ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ছেন তিনি।

ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত স্বল্পদৈঘ্য চলচ্চিত্র ‘জয় বাংলা’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূহ উল আলম লেনিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: মিজানুর রহমান এবং স্বল্পদৈঘ্য চলচ্চিত্র ‘জয় বাংলা’ এর পরিচালক শায়লা রহমান তিথি বক্তৃতা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, যুদ্ধের নয় মাস আমার মা সহ এ দেশের মায়েরা বঙ্গবন্ধুর জন্য রোজা রেখেছেন। এদেশের মায়েরা মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছেন আশ্রয় দিয়েছেন। নতুন প্রজন্মের কাছে বাংলার মায়েদের অবদান মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে বেশি করে তুলে ধরা দরকার। আমাদের জাতীয় জীবনে সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের স্বাধীনতা দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম আর ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের ফসল। তাই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে যত বেশি সম্ভব চলচ্চিত্রের পর্দায় তুলে ধরতে হবে।

মুক্তযুদ্ধকালীন রণাঙ্গনের স্মৃতি রোমন্থন করে মন্ত্রী আরো বলেন, ১৯৬৯ সালের ১৫ সেপ্টেম্বর মধুর ক্যান্টিন থেকে বন্ধু আফতাব আহমেদ ও চিশতি হেলালুর রহমান জয় বাংলা শ্লোগানটি প্রথম উচ্চারণ করেন। ক্যান্টিনে ৫/৬ জনের দলটির সাথে আমি নিজেও এই শ্লোগানটি দিয়েছিলাম। বঙ্গবন্ধু এই শ্লোগানটি গ্রহণ করেছিলেন।

মন্ত্রী জয় বাংলা চলচ্চিত্রটিকে অত্যন্ত সময়োপযোগী একটি কাজ উল্লেখ করেন এবং তিনি এর সাথে জড়িত শিল্পী ও কলাকোশলীদের ধন্যবাদ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির দীর্ঘ নয় মাসের সংগ্রামের একটি মহাকাব্য। এ মহাকাব্য রুপালি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা শুরু হয় সেই ১৯৭২ থেকেই, যা আজও চলমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের সিনেমাকে গুরুত্ব দিচ্ছে, সরকারী অনুদানও দেয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ বাংলা ও বাঙালির বীরত্ব ও গৌরবের গল্প। এই গল্পে নারীদের ভূমিকা যথাযথভাবে তুলে আনতে হবে।

জয় বাংলা চলচ্চিত্রের চেয়ারম্যান রূপী খল নায়ক চরিত্রটিতে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের বিরোধীদের বৈশিষ্ট্য সু্চারুভাবে পরিস্ফুটিত করায় পরিচালক শায়লা রহমানের প্রশংসা করেন।